বজ্রপাতে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু - The News Lion

বজ্রপাতে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু

 


দি নিউজ লায়ন;  বজ্রপাতে প্রাণ গেল স্বামী ও স্ত্রী’র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার জোগাড়ডাঙ্গা’র ধবাশোলে গ্রামে। মৃতরা হলেন সুকুমার মুর্মু (২৮) এবং স্ত্রী যশোদা মুর্মু (২৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাঠে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। পরে বৃষ্টির হাত থেকে বাঁচতে তাঁরা দু’জনেই উঠে এসে রাস্তার পাশের একটি গাছ তলায় আশ্রয় নেন। সেই সময়ই বাজ পড়ে গাছটির ওপর। এর জেরে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন দুজনে।


স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের দুই জনকে বাঁকুড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত হাসপাতালে দুজনেরই মৃত্যু হয়েছে। রবিবার দেহদুটি ময়না তদন্তের পর তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ দু'টি গ্রামে আসার পর তার পরিবারের সকলে ও  গ্রামবাসীরা শোকে ভেঙে পড়েন।


স্থানীয়রা জানিয়েছেন, মৃত দম্পতির একটি  তিন বছরের ছোট্ট সন্তান রয়েছে। তাঁকে নিয়েই এখন আতান্তরে পড়েছে পরিবারের বাকী সদস্যরা। এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজ পড়ে মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারের হাতে রাজ্য সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ শীঘ্রই তুলে দেওয়া হবে। এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র , মাঝারি শিল্পের ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো রবিবার ওই এলাকায়  মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারবর্গ কে সমবেদনা জানান। 


 সেই সঙ্গে কিভাবে ওই নাবালক সন্তানটিকে মানুষ করা হবে তা নিয়ে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করেন। তিনি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও  মন্তব্য করেন। মন্ত্রী মৃতের বাড়িতে যাওয়ায় তার বাড়ির সকলেই একেবারে কান্নায় ভেঙে পড়েন । মন্ত্রী তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পরিবারের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ওই পরিবারকে সাহায্য ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.